আর কিছুক্ষণ পরেই শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন। নির্বাচনের অংশ হিসেবে এই মুহূর্তে চলছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই সভা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর শুরু হবে নির্বাচনের মূল পর্ব।
রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ শুরু হবে দুপুর দুইটায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এবার মোট ভোটারের সংখ্যা ১৩৪ জন। এই নির্বাচনে দুইটি প্যানেল লড়ছে, বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দীনের সম্মিলিত পরিষদ ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের ‘ফুটবল বাঁচাও’ জোট।
সভাপতি, চারটি সহ-সভাপতি ও ১৫টি সদস্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সালাহউদ্দীন প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে গেছেন আব্দুস সালাম মুর্শেদী।
সাধারণ সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেল বছরগুলোর আয়-ব্যয়ের হিসাবসহ গুরুত্ব পাবে নির্বাচিত সভাপতির অধীনে আসছে বছরগুলোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়-ব্যয়ের বিষয়সমূহ। এদিকে নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ভোটারসহ প্রার্থীরাও।
/এমআর/








