রবিবার রাতে লা লিগার খেলায় এস্পানিওলের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে দুটি গোল করেছেন লু্ইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন মেসি, নেইমার ও রাফিনহা। এ জয়ের শিরোপার আরও কাছে এগিয়ে গেল লুইস এনরিকের দল।
দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল। লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে গেল অ্যাটলেটিকো। ৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো। শেষ ম্যাচে গ্রানাডাকে হারালেই শিরোপা জিতবে বার্সেলোনা।
ক্যাম্প ন্যুতে খেলার ৮ মিনিটে মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের একটু বাইরে থেকে মেসির বাঁকানো ফ্রি-কিক ডান কোণের ক্রসবার ঘেঁষে জালে ঢোকে।
বিরতির পর নেইমার-মেসি-সুয়ারেজের মধ্যে দারুণ বোঝাপড়ায় একের পর এক আক্রমণ করে যায় বার্সেলোনা। ৫২তম মিনিটে মেসির পাস থেকে গোলরক্ষক লোপেজকে পরাস্ত করেন সুয়ারেজ। ৬১তম মিনিটে কর্নার থেকে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা।
৭৪তম মিনিটে নেইমারে বাড়ানো বল থেকে গোল করেন রাফিনিয়া। ৮৩তম মিনিটে গোল করেন নেইমার। ফলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
/এমআর/








