মাত্র এক পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। আর এমন জয়ের পর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে বার্সেলোনা।’
গত শনিবার রাতে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারায় রিয়াল। একই সময়ে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান রেখে লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতে নেয় বার্সেলোনা।
এমন ঘটনার পরেও জিদান বলেন, ‘আমরা সবাই হতাশ। কিন্তু ৩৮টি ম্যাচ খেলা হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। বার্সেলোনাই লা লিগা জয়ের যোগ্য ছিল।’
গ্রানাডাকে হারিয়ে ৯১ পয়েন্ট নিয়ে লা লিগার ২০১৫-১৬ মৌসুম শেষ করেছে বার্সেলোনা। আর ৯০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে রিয়াল।
এদিকে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমরা যোগ্যভাবেই শিরোপা জিতেছি। এটা প্রমাণ করে যে খারাপ সময় থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা এই দল জানে। আমরা পুরো মৌসুমেই ভালো খেলেছি। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরেই টেবিলের শীর্ষে ছিলাম। আর আমরা ধারাবাহিকও ছিলাম।’
/এফআইআর/







