প্রতিযোগিতামূলক ম্যাচে আগে কখনও মুখোমুখি হয়নি ইংলিশ জায়ান্ট লিভারপুল ও স্প্যানিশ ক্লাব সেভিয়া। আজ রাতে প্রথমবারের মতো ইউরোপা কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি। বাসেলের সেন্ট জ্যাকব পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
ইউরোপের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দুই দল মোট সাতবার ফাইনাল খেলেছে এবং প্রতিবারই শিরোপা জিতেছে। তাই আজ প্রথমবারের মতো যে কোনও এক দলকে ফাইনালে হারতেই হবে। আজ যারা জিতবে তারা আবার আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।
এই প্রতিযোগিতায় রেকর্ড চারবার শিরোপা জিতেছে সেভিয়া- ২০০৬, ২০০৭, ২০১৪ ও ২০১৫। সেভিয়ার সামনে আজ ইতিহাসের হাতছানি। আজ জিতলে প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার শিরোপা জয়ের রেকর্ড গড়বে স্প্যানিশ ক্লাবটি।
অন্যদিকে লিভারপুল এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছে তিনবার- ১৯৭৩, ১৯৭৬ ও ২০০১। আজ জিতলে সেভিয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা। কিন্তু ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর গত ১১ বছরে যে ইউরোপে আর কোনও সাফল্য নেই তাদের। সে হিসেবে এটি লিভারপুলের হারানো জৌলুস পুনরুদ্ধারের মিশন।
/এমআর/








