বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল লুইস ফন গালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হোসে মরিনহো। অবশেষে এলো অফিসিয়াল ঘোষণা। ম্যানচেস্টার ইউনাইটেড শুক্রবার তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছে, মরিনহো ওল্ড ট্রাফোর্ডের দলটির দায়িত্ব নিয়েছেন। তাকে স্বাগত জানিয়ে ফেসবুক পেজে পোস্টও দেওয়া হয়েছে।
জানা গেছে, মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ম্যানইউ। প্রতি বছরে ১৫ মিলিয়ন করে মোট ৪৫ মিলিয়ন পাউন্ড পাবেন স্বঘোষিত স্পেশাল ওয়ান।
এখন পর্যন্ত ৬টি ক্লাবে ম্যানেজারের দায়িত্ব পালন করা মরিনহো সব মিলিয়ে জিতেছেন ৩২ টি শিরোপা। রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান ও বেনফিকার মতো জায়ান্ট ক্লাবগুলোকে কোচিং করিয়েছেন মরিনহো। ক্লাব ক্যারিয়ারে তার অধীনে ৭৬৫ ম্যাচের ৫০৫টিতেই জয় পেয়েছে তার দল। ইন্টার মিলানের হয়ে ট্রেবলও জিতেছেন এই কোচ।
ম্যানইউ বস হিসেবে মরিনহোর প্রথম পরীক্ষা হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বরুশিয়া ডর্টমুন্ড ও ম্যান সিটির বিপক্ষে ম্যাচ।
/এমআর/








