কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় খেলায় কোস্টারিকাকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বুধবার সকাল ৬টায় অনুষ্ঠিত ম্যাচটিতে দেশের হয়ে ৫০তম গোল করেছেন মার্কিন তারকা ফুটবলার ক্লিন্ট ডেম্পসে। এদিন একটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি।
খেলার ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেম্পসে। এরপর মাচের ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই গোলটিরও জোগানদাতা ডেম্পসে। তার পাস থেকেই দারুণ দক্ষতায় বল জালে জড়ান জেরমিন জোনস।
এর ৫ মিনিট পরই আবারও এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্লিন্ট ডেম্পসের পাস থেকে গোল করেন ববি উড। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। তবে ম্যাচের শেষ দিকে (৮৭ মিনিটে) কোস্টারিকার কফিনে শেষ পেরেক ঠুকেন গ্রাহাম জুসি। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
/এমআর/







