কোপা আমেরিকায় বাঁচা-মরার লড়াইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে হেরেই গেল উরুগুয়ে। শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে দলটি। টানা দুই হারে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে বিদায় নিলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। ইনজুরি থেকে পুরোপুরি না সেরে ওঠায় এদিনও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি লুইস সুয়ারেজ।
সেরা তারকা লুইস সুয়ারেজ ছাড়াও শুরুটা আক্রমাণাত্মক করে তোলে তাবারেজের দল। তবে ফরোয়ার্ডদের ভুলে গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ৩৬ মিনিটে রোনডোনের গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। ভেনিজুয়েলা এগিয়ে যায় ৩৬তম মিনিটে। পরে আর খেলায় ফিরতে পারেনি উরুগুয়ে।
উরুগুয়ের কোচ তাবারেজ এদিন সব চেষ্টাই করেছেন। খেলার মাঝে তিনজন পরিবর্তন করে গোলের চেষ্টা চালান তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
ডান দিক থেকে পেরেইরা এবং সানচেজ বার কয়েক দারুণ আক্রমণ গড়ে তোলেন। বোঝাপড়াটা ছিল চোখে পড়ার মতো। ৩৪তম মিনিটে গোলের খুব কাছে চলে যান দুজন। কিন্তু ফিনিশিং হয়নি। এমন চিত্র বেশ কয়েকবার দেখা গেছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে যায় তারা। ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে মেক্সিকোর সঙ্গে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা। উরুগুয়ে এবং জ্যামাইকা তাদের দুটি খেলাতেই হেরে গেছে।
/এমআর/








