২০০৮ সালে অস্ট্রিয়া-সুইজারল্যান্ড অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করে স্পেন। এর ঠিক দু বছর পর ২০১০ সালে ফিফা বিশ্বকাপ জয়। ২০১২ সালে কিয়েভের ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতে নেয় স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার নজির গড়েছিল ভিসেন্তে দেল বস্কের দল।
এবার স্প্যানিশদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। হ্যাটট্রিক শিরোপা ধরে রাখার মিশনে আজ বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চেক রিপাবলিক। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে দু’দল।
কিন্তু গত বিশ্বকাপ থেকেই স্প্যানিশ শিবির যেন ছন্দপতন। গত বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষেই স্পেনের ছন্দপতন। নেদারল্যান্ডস ও চিলির কাছে মোট সাত গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ স্পেনের জন্য সেই হারের জ্বালা মেটানোর সুযোগ।
তারওপর সেভিয়ায় গত মঙ্গলবার রাতে ইউরোর প্রস্তুতি ম্যাচে ফিফা র্যাংকিংয়ে ১৩৭তম জর্জিয়ার কাছে ১-০ গোলে অস্বস্তি বেড়েছে স্পেনের!
তবে ভিসেন্তে দেল বস্কের শিষ্যদের সামনে অনুপ্রেরণারও অভাব নেই। ২০০৪ সালের ২০ জুনের পর এখনও পর্যন্ত ইউরোয় কোন ম্যাচ হারেনি স্পেন। আবার ২০১৪ সালের অক্টোবরের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচেও হারেনি তারা।
/এমআর/







