ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় খেলায় ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ফ্রান্সের স্তাদে বোলার্ত দেলেলিস স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে রিয়াল তারকা গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় ওয়েলস। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে সমতায় ফেরান লিস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডি। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে ইংলিশদের জয় নিশ্চিত করেন ড্যানিয়েল স্টারিজ।
এদিন ম্যাচের সাত মিনিটে এগিয়ে যেতে পারতো ইংল্যান্ড। দারুণ এক প্রতি আক্রমণে অ্যাডাম লাল্লানার পাস থেকে গোলপোস্টে শট নিয়েছিলেন ম্যানসিটির মিডফিল্ডার রহিম স্টার্লিং। তবে তার শটটি গোলবারের ওপর দিয়ে যায়। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড।
খেলার ২৬ মিনিটে ওয়েলসকে বাঁচিয়ে দেন গোলরক্ষক হ্যানসি। বামপ্রান্ত থেকে দারুণ এক ক্রস দিয়েছিলেন ওয়েন রুনি। তার ক্রসটি গোলপোস্টে মারেন হ্যারি কেন। কিন্তু ওয়েলস গোলরক্ষক বলটি পাঞ্চ করে দলকে বিপদমুক্ত করেন।
খেলার ৪২ মিনিটে উল্টো গোল খেয়ে বসে ইংল্যান্ড। ৩৫ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে করে দলকে এগিয়ে দেয় রিয়াল তারকা গ্যারেথ বেল।
১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ওয়েলস। ম্যাচের ৫৫ মিনিটে আবারও ওয়েলসের ত্রাতা গোলরক্ষক হ্যানসি। বক্সের ভেতরে থেকে পোস্টের এক কোণে শট নিয়েছিলেন রুনি। ঝাঁপিয়ে পড়ে সেটি ফিরিয়ে দেন হ্যানসি।
তবে দুই মিনিট পর আর ইংল্যান্ডকে থামাতে পারেননি হ্যানসি। বক্সের ভেতর উড়ে আসা এটি ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন ওয়েলসের মিডফিল্ডার জনি উইলিয়ামস। তাতে ব্যর্থ হলে বল গিয়ে পড়ে গোলপোস্টের সামনে থাকা লিস্টার সিটির ফরোয়ার্ড জেমি ভার্ডির সামনে। সহজ সুযোগ পেয় গোল করতে কোনও ভুল করেননি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। ইনজুরি টাইমে (৯২ মিনিট) ডেলে আলির পাস থেকে গোল করে দলকে জয় এনে দেন ড্যানিয়েল স্টারিজ।
/এমআর/








