শেষ মুহূর্তের গোলে ইব্রাহিমোভিচের সুইডেনকে হারিয়ে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করলো ইতালি। অন্যদিকে সুইডিশদের শেষ ষোলোতে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল। ইতালির হয়ে ৮৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এডের মার্টিনস। এ নিয়ে গ্রুপ পর্বে খেলা দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে আজ্জুরিরা।
ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ পায় ইতালি। ড্যানিয়েল রসি পাস দিয়েছিলেন মার্কো পারলোকে। দারুণ পাসে ফ্লেরেনজিকে বল দেন তিনি। তবে ফ্লোরেনজির কিকটি সরাসরি চলে যায় সুইডিশ গোলরক্ষক আন্দ্রেস ইসকাসনের হাতে। প্রথমার্ধের বাকিসময় গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় উভয় দল।
৪৯ মিনিটে পারলোর পাস খুঁজে নিয়েছিলে পেল্লেকে। তবে তার ভলিটি অনেক উঁচু দিয়ে চলে যায় গ্যালারিতে।
৭১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। সুবর্ণ সুযোগ পেয়েও সমর্থকদের হতাশ করেন তিনি। লারসনের দারুণ ক্রস একেবারে গোলমুখে পেয়েছিলেন ইব্রা। অফসাইডের ফাঁদ কাটিয়ে ফাঁকায় পাওয়া ক্রসে পা লাগাতে পারলেই নিশ্চিত গোল। কিন্তু তাতে ব্যর্থ হন ইব্রা।
৮২ মিনিটে আবারও হতাশ হয় ইতালি। পারলোর একটি হেড গোলবারে লেগে ফেরত আসে। খেলার একেবারে শেষ দিকে গোল করে ইতালিকে পূর্ণ তিন পয়েন্ট এতে দেন এডের। ৮৮ মিনিটে সিমিওনে জাজার পাস থেকে দারুণ দক্ষতায় দুইজনকে ফাঁকি দিয়ে সুইডেনের জালে বল জড়ান এডের মার্টিনস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
/এমআর/








