ভেনেজুয়েলাকে ৪-১ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এদিন আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেছেন গঞ্জালো হিগুয়েন। একটি গোল করেছেন মেসি। এছাড়া সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। আলবেসিলেস্তদের হয়ে আরেকটি গোল করেছেন এরিক লামেলা। দাপুটে এ জয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মাথায় হিগুয়েনের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। মেসির দেওয়া অসাধারণ এক পাসে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হিগুয়েন। এটি অবশ্য ভেনেজুয়েলার রক্ষণভাগের ভুল। নিজেদের সীমানায় সতীর্থের কাছে পাস দিতে গিয়ে ভুলবশত তা চলে যায় হিগুয়েনের পায়ে। গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন হিগুয়েন।
৪৪ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। বক্সের ভেতর মার্টিনেজকে ফাউল করেন রোমেরো। ফলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। তবে ম্যানুয়েল গ্যুন্তের নেওয়া পেনাল্টি কিকটি ঠেকিয়ে দেন রোমেরো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবেসিলেস্তরা।
ম্যাচের ৬০ মিনিটে গোলের খাতা খুলেন লিওনেল মেসি। নিকোলাস গাইতানের পাস থেকে ভেনেজুয়েলার গোলরক্ষকের দু’পায়ের ফাঁক দিয়ে জালে বল জাড়ান বার্সার তারকা। এটি মেসির ৫৪ নম্বর আন্তর্জাতিক গোল। আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হতে মেসির প্রয়োজন আর মাত্র দুটি একটি গোল। সেটি করতে পারলেই তিনি হবে আলবেসিলেস্তদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৫৬ গোল নিয়ে সে স্থানটি দখলে রেখেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
৭০তম মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রসে লাফিয়ে উঠে চমৎকার হেডে রেমোরোকে ফাকি দেন রনদোন। একটি গোল শোধ করে ভেনেজুয়েলা। কিন্তু পরের মিনিটেই ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বলে গোলরক্ষককে ফাঁকি দেন গাইতানের বদলি হিসেবে নামা লামেলা।
/এমআর/








