কোপার ফাইনালের আগে লিওনেল মেসিদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। কোপা আমেরিকার শিরোপা না জিতলে মেসিদের দেশে ফিরতে মানা করেছেন তিনি।
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল সি৫এন'কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, 'আমি মনে-প্রাণে বিশ্বাস করি আমরা এবার কোপা আমেরিকা জিতবো।' এরপরই আর্জেন্টিনার সাবেক এই কোচ হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি তারা শিরোপা জিততে না পারে তাহলে আমি মনে করি তাদের দেশে ফেরা উচিত হবে না।'
যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের কোপা আমেরিকার শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই দাপুটে জয় দিয়ে আর্জেন্টিনা পা রেখেছিল নকআউট পর্বে।
এরপর কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে ও সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মেসিদের খেলতে হবে গতবারের শিরোপাজয়ী চিলির বিপক্ষে।
/এমআর/








