জার্মানি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ পেপ গার্দিওলা। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন। গার্দিওলার ম্যানসিটিতে আসার খবরে আশায় বুক বেধেছিলেন ম্যানসিটি ভক্তরা। তাদের আশা ছিল, এবার বোধহয় মেসিকেও আনা যাবে! সে গুঞ্জন উস্কে দেয় গণমাধ্যমের নানান খবর।
অবশেষে গার্দিওলা নিজেই জানালেন মেসিকে ম্যানসিটিতে আনা তার পক্ষেও অসম্ভব। বার্সাতেই মেসির শেষ দেখছেন ৪৫ বছর বয়সী স্প্যানিশ এই কোচ। গত রবিবার ম্যানসিটির এক সমর্থকের প্রশ্নের উত্তরে মেসিকে নিয়ে গার্দিওলা বলেন, ‘আমি দুঃখিত এ জন্য যে মেসিকে ক্যারিয়ারের বাকিটা সময় বার্সেলোনাতেই থাকতে হচ্ছে। এখন আমার প্রধান কাজ হবে, দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে দেখা করা ও কথা বলা। তার পরে আলিঙ্গন এবং পরখ করে নিতে হবে তাদের।’
নতুন ক্লাব নিয়ে পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, ‘দল নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। কিন্তু তা বাস্তবায়ন করতে আমার সময় লাগবে। গত কয়েক বছর আমি অনেকবারই সিটির বিপক্ষে ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছি। তাদের মান জানি। তবে সেটা আমাকে তাদের আবারও দেখাতে হবে।’
/এমআর/







