আন্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এ নিয়ে ছয়টি গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা গ্রিজম্যান।
বৃহস্পতিবার ফ্রান্সের স্টাদে ডি স্টেডিয়ামে ইতিহাস পক্ষে ছিল না ফরাসিদের। প্রতিযোগিতামূলক ম্যাচে দীর্ঘ ৫৮ বছর থেকেই ফ্রান্সের কাছে অজেয় ছিল জার্মানি। এদিন নতুন করে ইতিহাসে লিখে ইউরোর ফাইনালে উঠল দিদিয়ের দেশমের শিষ্যরা। ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে স্বাগতিকরা। ম্যাচে বেশিরভাগ সময় আধিপত্য বজায় রাখে জার্মানি। বেশির ভাগ সময় বল তাদেরই দখলে ছিল। গোলের সুযোগও বেশি তৈরি করেছে তারা। তবুও ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো জার্মানদের।
এদিন খেলার শুরুতে অবশ্য ফ্রান্সকে চেপে ধরে জার্মানরা। খেলার ১৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন থমাস মুলার। বক্সের ভেতরে আনমাকর্ড অবস্থায় বল পান তিনি। কিন্তু শট নেন পোস্টের বাইরে। পরের মিনিটে এমরে কানের দূরপাল্লার শট লক্ষ্যেই ছিল। এবার ডানে ঝাঁপিয়ে তা ঠেকান ফরাসি গোলরক্ষক উগো লরিস। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোল পায়নি।জোয়াকিম লো'র শিষ্যরা।
উল্টো খেলার ৪৭ মিনিটে গোল করে বসে ফ্রান্স। ডি বক্সের ভেতরে বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের হাতে বল লাগায় পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি গ্রিজম্যান।
বিরতির পরও খেলায় ফিরতে পারেনি জার্মানি। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্রিজম্যান। এবার অবশ্য জার্মান রক্ষণের ভুলই দায়ি। রাইট ব্যাক জসুয়া কিমিচের ভুলে ডি-বক্সে বলের দখল পান পল পগবা। তারকা এই মিডফিল্ডারের ক্রস ন্যুয়ার বিপদমুক্ত করতে পারেননি। বুটের টোকায় টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোলটি করেন গ্রিজম্যান।
ম্যাচের বাকি সময় কোনও দলই আর গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স।








