সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও ফুটবলকে ঘিরে আনন্দ উদযাপনের জন্য ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় কাল সোমবার থেকে পল্টন ময়দানে শুরু হচ্ছে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসব।
গত বছর শুরু হওয়া টুর্নামেন্টটিতে এবার ১২টি দল অংশ নিচ্ছে। ১১ জুলাই সকালে টুর্নামেন্টের উদ্বোধন হবে। ১২ জুলাই বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৮ হাজার ও রানার্স আপ দল ৪ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পাবে। প্রত্যেকটি দলকে ২ হাজার টাকা করে দেওয়া হবে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ১ হাজার করে টাকা দেওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। প্রত্যেক দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও বল দেওয়া হয়েছে। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবে। গোলরক্ষক বাদে দুজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। খেলা হবে ২০মি.+১০ মি.+২০ মিনিট।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও ওয়ালটন সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া, টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের ম্যানেজার ও অধিনায়ক।
/আরএম/এমআর/








