ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবলের পাওয়ার হাউজ হিসেবে আজ আর বিবেচিত হয় না। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিগত আটটি আসরে তারা চ্যাম্পিয়ন হয়নি।
এমনকি গত চার-পাঁচটি মৌসুমে শিরোপা জেতার মতো দলও তারা গড়ে না। তারপরেও সমর্থকপুষ্ট এ দলটি মাঠে নামে বড় দলের তকমাটা পড়েই। আর এটার ওপর ভর করেই বিপিএল-এর আসন্ন আসরে ভালো খেলতে চায় দলটি।
আজ শনিবার বাফুফে ভবনে বিপিএল ক্লাবগুলোর পরিচিতি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মোহামেডান কোচ সাবেক জাতীয় তারকা কাজী জসিমউদ্দীন আহমেদ জোশি বলেন, ‘মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েনি ঠিক। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করার দল গড়েছে। মোহামেডান মানে একটা ঐতিহ্য এবং এর জন্য খেলোয়াড়রা সবসময়ই বাড়তি কিছু দিতে প্রস্তুত থাকে। আমরা ওপরের দিকেই লিগ শেষ করার জন্য মাঠে নামবো। লক্ষ্য থাকবে শিরোপা।’
এদিকে দলের গিনিয়ান ফরোয়ার্ড ও অধিনায়ক ইমসমাইল বাঙ্গুরা বলেন, ‘বিশেষ কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’
সে বিশেষ কিছুটা কী এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সেটি হয়তোবা চ্যাম্পিয়নশিপ। আর সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে তার দল। তিনি আরও জানান, তার দলের রয়েছে যেকোনও দলকে হারানোর ক্ষমতা।
/ আরএম/এফআইআর/







