সদ্য সাবেক কোচ পেপ গার্দিওলাকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আন্তরিকতার সঙ্গে বরণ করে নিয়েছে বায়ার্ন মিউনিখ ভক্তরা। এদিন ম্যানচেস্টার সিটির হয়ে নিজের প্রথম ম্যাচে সদ্য সাবেক ক্লাব বায়ার্নের মুখোমুখি হন গার্দিওলা।
তবে নিজের সাবেক শিষ্যরা এদিন তাকে তিক্ত অভিজ্ঞতাই উপহার দিয়েছেন। বায়ার্নের বিপক্ষে ০-১ গোলে হার দিয়ে ম্যানসিটি মিশন শুরু করেছেন সাবেক এই বার্সা কোচ। কার্লো আনচেলত্তির বায়ার্ন কোচ হিসেবে যাত্রাটা শুভ হলো।
গত তিনটি বছর মিউনিখে ছিলেন স্প্যানিশ কোচ গার্দিওলা। সেখানে বায়ার্নকে জিতিয়েছেন ৭টি শিরোপা। অন্য ক্লাবের হয়ে পুরনো ঠিকানায় ফিরে ম্যাচের আগে প্রতিপক্ষ খেলোয়াড় ও কোচের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন তিনি।
আগ্রাসী ফুটবলের জন্য বিখ্যাত গার্দিওলার তারুণ্যনির্ভর ম্যানসিটি চাপেও ফেলেছে বায়ার্নকে। কিন্তু অভিজ্ঞ বায়ার্ন পথ হারায়নি কখনোই। প্রথমার্ধে তারা একটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে ৭৬ মিনিটে লক্ষ্যভেদ করে তারা। এর্দাল ওজতুর্ক করেন ম্যাচের একমাত্র গোল।
/এমআর/







