ইউরো ফাইনালে মাত্র পঁচিশ মিনিটেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। দ্বিতীয়ার্ধে দলকে সমর্থন দিয়ে গেছেন সাইড বেঞ্চ থেকে। ওই ম্যাচে রোনালদোবিহীন পর্তুগাল ফ্রান্সকে হারিয়ে জিতেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।
সেদিন মাঠে না খেললে বেঞ্চে সরব উপস্থিতি ছিল রোনালদোর। রোনালদোর উৎসাহেই সেদিন গোল করতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন ম্যাচ জয়ের নায়ক এডার সানচেজ। পর্তুগালের অনেক খেলোয়াড়ই রোনালদোর প্রশংসায় মেতেছিলেন।
তবে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো কিন্তু ব্যাপারটা দেখছেন একটু অন্যভাবে! আবেগের বশবর্তী হয়েই নাকি রোনালদোকে টেকনিক্যাল লাইনে ওভাবে দেখা গিয়েছিল। তাতে নাকি পর্তুগালের কোনও সাহায্যই হয়নি।
সাবেক রিয়াল কোচ বলেন, 'সে নিজেকে ধরে রাখতে পারেনি। পর্তুগালের ফাইনাল জয়ের পেছনে রোনালদোর কোনও অবদানই নেই। মাঠে ১১ জন খেলোয়াড় তাদের কাজটা করেছে। সেই দলকে নেতৃত্ব দিয়েছেন কোচ। রোনালদোর কাছে আমি যেটা দেখেছি সেটা ছিল আবেগের অতিরিক্ত বহিঃপ্রকাশ।'
সাবেক শিষ্য রোনালদোর আবেগটাকে অবশ্য তুচ্ছ্য তাচ্ছিল্য করছেন না মরিনহো। বলেন, 'সে নিজেকে ধরে রাখতে পারেনি! বলছি না এটা খারাপ কিছু। কিন্তু আমার অভিজ্ঞতা বলে ওরকম অবস্থায় দলের জন্য কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নিতে হয়।'
/এমআর/








