উত্তর বারিধারাকে ৬-১ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে চট্টগ্রাম আবাহনী। আজ রবিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। ঘুরে দাঁড়াবার চেষ্টায় একবার সমতা এনেছিল বারিধারা তবে শেষ পর্যন্ত তারা আর টিকতে পারেনি।
পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ও শেখ জামালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম আবাহনী। বারিধারা যারা শেখ রাসেলকে হারিয়ে শুরু করেছিল তাদের জয়যাত্রা; দেখলো টানা চতুর্থ হারের মুখ।
এ বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোল করে খেলার ৩৪ সেকেন্ডে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার জাহিদ হোসেন। ইয়ামিন মুন্নার মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস বাম প্রান্তে আয়ত্ত্বে নেন মিডফিল্ডার সোহেল রানা। তার করা মাপা ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দেন জাহিদ।
তবে চট্টগ্রাম আবাহনীর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটেই সমতা আনে উত্তর বারিধারা, মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে চলেছিলেন মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ। চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডাররা গুছিয়ে ওঠার আগেই বিশ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শট নেন সবুজ, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে তার বাম হাতের পোস্টে পরাস্ত করেন। পুরো জোরের সঙ্গে ডাইভ দিয়েও বল পাননি রানা।
ধাক্কা খেয়ে আক্রমণ জোরদার করে চট্টগ্রাম আবাহনী। ২৫ মিনিটে আবারও লিড নেয় বন্দর নগরির দলটি। মাঝমাঠ থেকে মরক্কান মিডফিল্ডার তারিক আল জানবির পা থেকে বল নিয়ে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্সকে থ্রু পাস দেন মামুনুল ইসলাম। কোনাকুনি শটে দলের দ্বিতীয় গোল করেন হাইতিয়ান এই ফরোয়ার্ড।
৪০ মিনিট ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পরপর দুটি গোল করে মিনিটে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেন উইঙ্গার মো. ইবরাহিম। জাহিদ হোসেনের করা স্কয়ার পাসে খুব কাছে থেকে আলতো টোকায় প্রথমটি ও লিওনেল প্রিউক্সের করা কাট ব্যাকে ভলিতে গোল দুটি করে দলকে পুরো পয়েন্ট পাওয়ার পথে এগিয়ে দেন ইবরাহিম।
দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতেই বেশি মনোযোগ দেয় আবাহনী আর উত্তর বারিধারা। প্রতিপক্ষের দূর্গে ফাঁটল ধরাবার মতো কিছু করতে না পারায় প্রথমার্ধের স্কোরলাইনেই শেষ হওয়ার দিকে এগিয়ে চলছিল ম্যাচটি। কিন্তু ৮৫ ও ৮৭ মিনিটে শাকিল আহমেদ ও রায়হান হাসানের করা আরও দুটি গোলে এবারের লিগে এ পর্যন্ত সবচেয়ে বড় জয় নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।
/আরএম/এফআইআর/







