ইরান ও সিংগাপুরের বিপক্ষে জয়ের পর কাল বুধবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ সি-এর বাছাই পর্বে সন্ধ্যা ছয়টায় কিরগিজস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। কিরগিজস্তান তাদের খেলা দুই ম্যাচে চাইনিজ তাইপে ও ইরানের কাছে ৭-১ ও ৯-০ গোলে হেরে ইতোমধ্যেই গ্রুপের দুর্বল দল হিসেবে নাম লিখিয়েছে।
আর সেদিকেই লক্ষ্য বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের। তার মতে, ‘যেহেতু ইরানকে হারানোর পর আমাদের এখন মূল প্রতিপক্ষ চাইনিজ তাইপে। তাই তাদের সঙ্গে গোল পার্থক্য কমিয়ে আনতে আমরা চাইবো কিরগিজস্তানের সঙ্গে যত বেশি সম্ভব গোল করতে।’তিনি আরও যোগ করেন,‘গত দুই ম্যাচে আমাদের দল জিতলেও ম্যাচে তারা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে। অনুশীলনে এগুলো নিয়ে কাজ করেছি। আশা করি পরের ম্যাচে এগুলোর মাত্রা অনেকটাই কমে যাবে। আসলে এই আসর শুরুর আগে আমরা কোনও আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। খেললে এই ভুলগুলো অনেক কম হতো।’
কিরগিজস্তানের বিপক্ষে কৌশল সস্পর্কে ছোটন বলেন, ‘কিরগিজস্তানের সঙ্গে ম্যাচে আমাদের ফুটবলাররা বেশি জায়গা নিয়ে খেলতে চেষ্টা করবে। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে আমরা কোনও গোল হজম করিনি। এটা ডিফেন্ডারদের কৃতিত্ব। তবে এতে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। এখানে সবাই খেলতে এসেছে। যে কোনও দলই যে কোনও মুহূর্তে অঘটনের জন্ম দিতে পারে। আমি সব প্রতিপক্ষকেই সমীহ করছি। তবে আমরা দুই ম্যাচ জিতেছি। জয়ের ধারাটা অব্যাহত রাখতে চাই। আগের ম্যাচগুলোতেও আমাদের একমাত্র লক্ষ্য ছিল জয়। সামনের ম্যাচগুলোতেই সেটিই থাকবে।’
/আরএম/এফআইআর/








