অনূর্ধ্ব-১৬ নারী দলকে নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থেকে আগামীতে পরিপূর্ণ ফুটবলার হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দীন।
আজ শনিবার বাফুফে ভবনে সদ্য এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপ-সি-তে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন বাফুফে সভাপতি। তিনি আরও বলেন, ‘তোমাদের সাফল্যের জন্য বাফুফে নিজেদের সাধ্যের মধ্যে সবকিছুই করবে। আমি চাই তোমরা কঠোর অনুশীলন করবে। দলের অনুশীলনের বাইরে নিজেরা বাড়তি পরিশ্রম না করলে একজন খেলোয়াড় উন্নতি করতে পারে না। তোমরাও তা করার চেষ্টা করবে। এছাড়া তোমাদের যে কোনও চাহিদা তোমাদের কোচ এবং আমাদের জানাবে। আমরা চাই তোমরা আগামী একটি বছর একটি পারিবারিক পরিবেশে কাটাবে।’
সংবর্ধনা ও স্বীকৃতি পাওয়া মানেই সবকিছু শেষ- এমনটি যেন মেয়েরা না ভাবে সেদিকের প্রতি লক্ষ্য রেখে বাফুফে সভাপতি আরও বলেন, ‘তোমরা খেলোয়াড় হওয়ার পথে আছো। খেলোয়াড় কিন্তু এখনও হওনি। আরও বড় হও, আরও অনেক পুরস্কার পাও। তবে এখন যা পাচ্ছো তাতে আর কিছু পাওয়ার নেই মনে করো না। আশা করি তোমরা দেশের জন্য আরও সম্মান আনবে।’
এসময় সালাউদ্দীনের সঙ্গে ছিলেন বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী সোমবার অনূর্ধ্ব-১৬ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবে বাফুফে।
/আরএম/এফআইআর/







