আশির দশকে আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল এক রাশ উত্তেজনা। সঙ্গে থাকতো দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলার নানা রকম মুখরোচক আলোচনা। তবে সেই দিন গত হয়েছে অনেক আগেই। বর্তমানে ঢাকার মাঠে দর্শকও আসে না সেভাবে আর দল দুটির নামে ফুটবলপ্রেমীদের রক্তও টগবগ করে না এখন। এমন পারিপার্শ্বিকতাকে সামনে রেখেই ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলে সপ্তম রাউন্ডে কাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের এই দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব।
ঐতিহ্যবাহী হলেও চলমান লিগে দুই দলের দুই রকম অবস্থা বিরাজ করছে। ১২ বারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১২ দলের মধ্যে নবম অবস্থানে। পয়েন্ট মাত্র ৫! আরও বিস্ময়কর ব্যাপার ৬ খেলার একটিতেও জিততে পারেনি দলটি! ড্র করেছে পাঁচ ম্যাচে। অপর ম্যাচে হেরেছে।
সে তুলনায় বেশ ভালো অবস্থানেই আছে ১১ বারের লিগ শিরোপাধারী ঢাকা আবাহনী। ৬ খেলায় তাদের পয়েন্ট ১২। জিতেছে ৩ ম্যাচে। ড্র করেছে ৩ ম্যাচে। এখনও হারের স্বাদ পায়নি তারা। পয়েন্ট টেবিলে অবস্থান চতুর্থ। যদিও তাদের সমান পয়েন্ট রহমতগঞ্জ এবং মুক্তিযোদ্ধারও। তবে ওই দল দুটি গোল ব্যবধানে এগিয়ে আছে আবাহনীর চেয়ে।
উল্টো দিকে সাদা-কালো শিবির লিগে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে কবে, তা বোধহয় দলটির সমর্থকরাও ভুলে বসে আছেন! দলটির শেষ লিগ শিরোপা, সেই ১৪ বছর আগে (২০০২)! ২০০৯ সালে ফেডারেশন কাপ এবং ২০১৩ সালে সুপার কাপের ট্রফি জেতাই হচ্ছে মোহামেডানের সর্বশেষ দুটি শিরোপা-সাফল্য। আর আবাহনী তাদের শেষ লিগ শিরোপা জিতেছে ২০১১-১২ মৌসুমে। এছাড়া তাদের সর্বশেষ সাফল্য চলতি বছরের ফেডারেশন কাপের শিরোপা জয়। সঙ্গে ২০১৬ স্বাধীনতা কাপে রানার্সআপও হয় তারা।
পরিসংখ্যান যাই হোক না কেনও আবাহনীর অধিনায়ক আরিফুল ইসলাম জানিয়েছেন, চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর জন্যই মাঠে নামবেন তারা, ‘জয়ের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও মোহামেডানকে অবশ্য আমরা সমীহ করেই খেলবো।’
একই কথা বললেন মোহামেডানের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরাও, ‘এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং প্রথম জয় পেতে চাই। জিতলে নিজেদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’
/আরএম/এফআইআর/








