জাতীয় দলের হয়ে বড় কোনও শিরোপা না জিতলেও দলে লিওনেল মেসির প্রভাব অনস্বীকার্য। বোকা জুনিয়র্স ও বার্সেলোনার লিজেন্ড হুয়ান রোমান রিকুয়েলমে মনে করেন, বার্সেলোনা তারকার ওপর অনেকখানি নির্ভরশীল আর্জেন্টিনা। তার মতে, ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড না খেললে আর্জেন্টিনাকে যে কোনও দল হারানোর ক্ষমতা রাখে।
রিকুয়েলমের দাবির পেছনে কিছুটা যুক্তি থাকতে পারে। মেসির খেলা বিশ্বকাপ বাছাইপর্বের ৩টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা, আর তাকে ছাড়া ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র ১টি। বর্তমানে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। চিলির সঙ্গে সমান পয়েন্ট তাদের, আর প্যারাগুয়ের চেয়ে এক পয়েন্টে এগিয়ে। এমন সমীকরণ নিয়ে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার অপেক্ষা করছে এদগার্দো বাউসার শিষ্যরা। রিকুয়েলমে চান আগামী দুই ম্যাচে মেসি চোটমুক্ত থাকুক, ‘আশা করি মেসি চোটাক্রান্ত হবে না। কারণ সে যদি দলে না থাকে, যে কোনও দল আর্জেন্টিনাকে হারাতে পারে। আমাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড়। এটা যৌক্তিক যে মেসি যখন খেলে আমরা শক্তিশালী দল, আর যখন সে থাকে না তখন আমরা সাধারণ দল।’
ব্রাজিলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় মেসির ক্লাব সতীর্থ নেইমারকে হুমকি মনে করছেন রিকুয়েলমে, ‘এখন ব্রাজিলকে হারানোর ভালো সুযোগ আছে আমাদের এবং আত্মবিশ্বাসও আছে। কিন্তু সেখানে ভুগতে হতে পারে, কারণ মেসির মতো ৯০ মিনিটজুড়ে নেইমার কিছু একটা করে দেখাবে।’ আগামী ১০ নভেম্বর রিও ডি জেনেইরোতে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। গোল ডটকম
/এফএইচএম/








