নিজেদের খেলায় মনোযোগ দেয়ার বদলে প্রতিপক্ষ নিয়ে বার্সেলোনাকে খুব বেশি দুশ্চিন্তা তেমন করতে দেখা যায় না। কিন্তু এমনটাই ঘটতে যাচ্ছে এক সপ্তাহে দুইবার। গত ১ নভেম্বর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে দ্বিতীয়ার্ধে নির্দয়ভাবে গোল হজম করে ৩-১ গোলে হেরেছিল তারা। ওই দুঃখ কাটাতে খুব বেশি সময় পায়নি কাতালান জায়ান্টরা, কপালে দুশ্চিন্তার বলিরেখা ফেলে আজ রোববার রাত পৌনে ২টায় (বাংলাদেশ সময়) রামোন সানচেজ-পিজুয়ানে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সা।
সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলি তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন। পেপ গার্দিওলার কৌশল অনুসরণ করা এ আর্জেন্টাইন কোচ তার শিষ্যদের বল দখলে বেশি অগ্রাধিকার দিতে বলেছেন। ‘টিকিটাকা’ এবার ভর করেছে সেভিয়ার খেলোয়াড়দের ওপর। গত ২৩ অক্টোবর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ১-০ গোলে জয়ের ম্যাচটিতে সেটা ভালোভাবে লক্ষ্য করা গেছে। আর এ বিষয়টি বার্সেলোনাকে ভয় ধরাতে যথেষ্ঠ।
কাতালানরা এখনও বেশ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না। রক্ষণভাগের নিয়মিত খেলোয়াড় জেরার্ড পিকে ও জর্ডি আলবা নেই। জেরেমি ম্যাথিউ, অ্যালেইক্স ভিদাল ও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা এখনও মাঠের বাইরে। ইনিয়েস্তার জায়গায় মিডফিল্ডে কাকে নামানো হবে সেই সিদ্ধান্ত নেয়া লু্ইস এনরিকের জন্য কঠিন হচ্ছে। সিটিজেনদের বিপক্ষে স্প্যানিশ তারকার জায়গায় নামেন আন্দ্রে গোমেজ, হার সত্ত্বেও এ পর্তুগিজ সুন্দরভাবে মাঝমাঠ সামলেছেন। এছাড়া আরদা তুরান, রাফিনহা ও ডেনিস সুয়ারেজ বিকল্প হিসেবে থাকছেন। কিন্তু বার্সা কোচকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে অন্য একটি বিষয়; লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের ক্ষুরধার আক্রমণকে কীভাবে থামাতে পারলেন গার্দিওলা! সেভিয়ার কোচ সাম্পাওলি নাকি কৌশলটা ধরতে পেরেছেন, ‘তাদের কাছে যত কম বল দেয়া সম্ভব, ততই ভালো।’
গার্দিওলার টোটকা কাজে লাগিয়ে এ আর্জেন্টাইন প্রতিপক্ষকে সতর্ক করলেও পুরো মৌসুমে একমাত্র দল হিসেবে সানচেজ পিজুয়ানে জয়ের অভিজ্ঞতা বার্সার। গত ১৪ আগস্ট স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়াকে ২-০ গোলে হারায় কাতালানরা। কিন্তু তারপর থেকে সেভিয়া ঘরের মাঠে পাঁচটি লা লিগা ও দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতেছে ১৭ গোল করে ও ৬টি গোল হজম করে।
তবুও সানচেজ পিজুয়ান বার্সার জন্য কঠিন এক ভেন্যু, গত মৌসুমে সেখানে ২-১ গোলে হেরেছিল তারা। আর আগের বছর করেছিল ২-২ গোলে ড্র। ওই দুই অভিজ্ঞতাকে অনুপ্রেরণা মেনে বার্সাকে কঠিন ভোগান্তির মুখোমুখি করতে চান সাম্পাওলি। এছাড়া পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সুযোগ পাচ্ছে তার দল। এজন্য বর্তমানে চার নম্বরে থাকা সেভিয়াকে জিততেই হবে। ইএসপিএন এফসি
/এফএইচএম/








