সমীকরণটা আরও কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার। ব্রাজিলের বিপক্ষে বাজেভাবে হারের পর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানেই থাকতে হয়েছে তাদের। তাই প্লে অফের জায়গাতেও এখন নেই আর্জেন্টিনা। বাকি থাকা সাত ম্যাচের ভালো পারফরম্যান্স ও ফলের ওপর নির্ভর করছে তাদের রাশিয়া বিশ্বকাপ। ফুটবল মহাযজ্ঞে তাদের খেলা নিয়ে শঙ্কা জন্মালেও বিশ্বাস হারাচ্ছেন না মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপে না খেলার বিষয়টি চিন্তাতেও আনছেন না বার্সেলোনা ফরোয়ার্ড। বরং সামনের ম্যাচগুলোতে ভালো ফল নিয়ে রাশিয়ার বিমানে চড়ার স্বপ্ন দেখছেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে নিজের ছায়াতেই বন্দি ছিলেন মেসি। তার ব্যর্থতার দিনে আর্জেন্টিনাও লজ্জা নিয়ে ফিরেছে দেশে। সঙ্গে নিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করার শঙ্কা নিয়ে। আলবিসেলেস্তেদের অধিনায়ক অবশ্য মোটেও আশা হারাচ্ছেন না, বরং তিনি হারের পরও আছেন ইতিবাচক। এখনও বাকি আছে সাত ম্যাচ। রাশিয়ার টিকিট পেতে ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের তাগাদা তার। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওকে’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি আছে, আর আমরা যোগ্যতা অর্জন না করার বিষয়টি একেবারেই ভাবছি না। বাকি ম্যাচগুলো জিতলে আমরা কাঙ্খিত জায়গায় চলে আসব।’
বিশ্ব মিডিয়া কিংবা ফুটবল বিশ্লেষকদের অনেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ মিস করার শঙ্কার কথা শোনাচ্ছেন। মেসি অবশ্য মোটেও সে দিকে কান দিচ্ছেন না, কারণ নিজেদের ওপর আস্থা আছে আর্জেন্টাইন খুদে জাদুকরের। তবে অনেক কিছু ‘বদলের’ ওপর জোর দিয়েছেন তিনি, ‘অবশ্যই আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা জানি আমরা ওখানে (রাশিয়া বিশ্বকাপ) যেতে পারব। তবে এ জন্য আমাদের অনেক কিছু বদল করতে হবে।’
/কেআর/






