ব্রাজিলের কাছে হার আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনায় বড় একটা ধাক্কা দিয়ে গেল। যদিও সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু অ্যালবিসেলেস্তেদের নিয়ে সমালোচনা দিনকে দিন বেড়েই চলেছে। বিষয়টি মোটেও ভালো লাগছে না আর্জেন্টিনার প্লেমেকার আনহেল দি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসোর কাছে। দলের সমালোচকদের একহাত নিলেন তিনি ইন্সটাগ্রাম পোস্টে।
আর্জেন্টিনার পারফরম্যান্সে যারা অখুশী তাদের উদ্দেশে কারদোসো লিখেছেন, ‘তাদের (আর্জেন্টাইন জাতীয় দল) অনুসরণ করতে কাউকে বাধ্য করা হয়নি। যাদের পছন্দ হচ্ছে না তারা চোখ সরিয়ে নিতে পারে এবং ডিসকভারি চ্যানেল দেখতে পারে!’ সবসময় আর্জেন্টিনার পাশে থাকবেন জানালেন ডি মারিয়া পত্নী, ‘আর্জেন্টিনা আমি সুসময়ে তোমাদের ভালোবাসি, কিন্তু খারাপ সময়ে আরও বেশি। আমি তোমাদের নিয়ে গর্ব করি সবসময়।’
প্যারিস সেন্ট-জার্মেইর মিডফিল্ডারের এই জীবনসঙ্গী ভক্তদের বলেন, এক ম্যাচের পারফরম্যান্স দেখে সমালোচনা করা উচিত নয়। বরং আশাবাদী হয়ে জাতীয় দলকে উৎসাহ দেয়া উচিত।
/এফএইচএম/







