স্বস্তির জয় দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এ বছরের শেষ ম্যাচটা রাঙিয়ে নিয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে পাওয়া ৩-০ গোলের জয়ের নায়ক যথারীতি লিওনেল মেসি। জাতীয় দলের দায়িত্ব শেষ করেই আবার আর্জেন্টাইন অধিনায়ক যোগ দিয়েছেন বার্সেলোনার অনুশীলনে। এক দিন পরে যোগ দেওয়ার কথা থাকলেও ছুটি বাতিল করে আগেভাগেই বার্সেলোনায় চলে এসেছেন মেসি।
কলম্বিয়ার বিপক্ষে সান হুয়ানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মেসি। জাদুকরী ফ্রি কিকে নিজে লক্ষ্যভেদ করার পর লুকাস প্রাতো ও আনহেল দি মারিয়াকে দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এই উৎসবে গা না ভাসিয়ে ম্যাচ শেষেই তিনি চলে এসেছেন বার্সেলোনায়, এমনকি অনুশীলনেও নেমে পড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মেসির জন্য আরও একদিন ছুটি বরাদ্দ থাকলেও আগেই চলে এসেছেন অনুশীলনে। তার সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাসচেরানোও।
বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে লাতিন আমেরিকায় যাওয়া লুই সুয়ারেস ও নেইমার অবশ্য অনুশীলনে যোগ দেবেন আগামীকাল শুক্রবার। লা লিগায় বার্সেলোনার সামনের ম্যাচ মালাগার বিপক্ষে। মার্কা
/কেআর/







