স্পোর্তিং লিসবন ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে একজন খেলোয়াড়ের দিকেই অগণিত চোখ থাকবে- তিনি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে প্রতিপক্ষ কোচ হোর্হে হেসুস জানেন, পর্তুগিজ তারকাকে থামাতে পারলে ভালো একটা ফল পাওয়া যাবে।
মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর বিপক্ষে হ্যাটট্রিক করার তিনদিন পর শৈশবের ক্লাবের মুখোমুখি হচ্ছেন রোনালদো। সেরা ফর্মে থাকায় তাকে নিয়ে স্বাভাবিকভাবে ভাবতে হচ্ছে স্পোর্তিং কোচকে। মার্কাকে দেওয়া সাক্ষাতকারে হেসুস বলেছেন, ‘গোল করতেই জন্ম হয়েছে রোনালদোর, সে এমন একজন স্ট্রাইকার যে অনেক গোল করে।’ এরপরই বললেন আসল কথা, ‘কিন্তু হ্যা তার মতো প্রতিভাকে থামানোর কিছু উপায় আছে। মূল বিষয় হলো এটা হতে হবে সব খেলোয়াড়দের সহায়তায়।’ সান্তিয়াগো বার্নাব্যুর মতো নিজ মাঠেও রোনালদোকে কোনও ফাঁকা জায়গা দিতে চান না তিনি।
তবে কোনও দলের কাছ থেকে চমক প্রত্যাশা করছেন না হেসুস, ‘এবার ভিন্ন কিছু হতে যাচ্ছে না। রিয়াল আর আমাদের কাছে চমক নয়, নতুন কিছু বের করে আনার নেই। আমরা এখন একে অপরকে জানি এবং সম্ভবত কিছু দিক বিবেচনা করলে তারা বুঝতে পারবে যে আমরা উপেক্ষিত হওয়ার মতো দল নই। আমরা শক্ত আছি এবং এই ম্যাচকে ঘিরে খুবই মনোযোগী।’
/এফএইচএম/








