বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’-এর জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। যে তালিকায় আছেন লিওনেল মেসি ও নেইমার। এই দুই তারকা খেলোয়াড় ছাড়াও আরও অনেক ‘অখ্যাত’ খেলোয়াড় আছেন, যারা পায়ের জাদুতে করেছেন চোখ জুড়ানো সব গোল।
গত ১২ মাসে অসাধারণ সব গোলে মুগ্ধ করা ফুটবলাররা জায়গা পেয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার মনোনয়নে। যেখান থেকে সেরাটা বেছে নিয়ে ফিফা গালা নাইটে দেওয়া হবে বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত হওয়া সেরা গোলগুলো জায়গা পেয়েছে এই তালিকায়। মেসির যে গোলটি জায়গা পেয়েছে, সেটি বার্সেলোনা ফরোয়ার্ড করেছিলেন আর্জেন্টিনার জার্সিতে। কোপার শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বিশেষ কোপা’য় আর্জেন্টাইন অধিনায়ক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রি কিক থেকে করেছিলেন অসাধারণ এক গোল।
নেইমার মনোনয়ন পেয়েছেন গত মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে দুর্দান্ত ড্রিবলিংয়ে করা গোলের জন্য। তালিকায় আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের সাউল নিগেস। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চার-পাঁচজনকে কাটিয়ে করেছিলেন দেখার মতো এক গোল। তালিকায় আরও আছেন মারিও কাসপার (স্পেন), হ্যালোম্ফো কেকানা (দক্ষিণ আফ্রিকা), মারলন (ব্রাজিল/করিন্থিয়ানস), হাল রবসন-কানু (ওয়েলস), সিমন স্ক্রাব (ফিনল্যান্ড/গেফল), দানুস্কা রোদ্রিগেস (ভেনিজুয়েলা), মোহাম্মদ ফাইয়াজ সাবরি (মালয়েশিয়া/পেনাং)। ফিফা ডটকম
/কেআর/








