২০ দিন পর আবার শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। মাঝে আন্তর্জাতিক ফুটবল বিরতিতে হয়নি ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। বিরতি শেষে আজই (মঙ্গলবার দিবাগত রাত) মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পতুর্গিজ ক্লাব স্পোর্তিং লিসবনের মাঠে আতিথ্য নেবে মাদ্রিদের ক্লাবটি। জুভেন্টাসও অতিথি হয়ে যাচ্ছে সেভিয়ার মাঠে। ইংলিশ চ্যাম্পিয়ন লিস্টার সিটি অবশ্য ঘরের মাঠেই খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডও ঘরের মাঠে আতিথ্য দেবে লেজিয়া ওয়ারশকে। ফ্রান্সে মোনাকোর মাঠে নামবে টটেনহাম।
দুর্দান্ত সময় কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার আগের ম্যাচে নগর প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তাদের আত্মবিশ্বাসের বেলুন উড়ছে আকাশে। অ্যাতলেতিকোর মাঠ থেকে ৩-০ গোলের জয়ের পর নামছে তারা স্পোর্তিংয়ের বিপক্ষে। ওই ম্যাচে হ্যাটট্রিক করা ক্রিস্তিয়ানো রোনালদো আবার নামবেন শৈশবের ক্লাবের বিপক্ষে। পেশাদারী ক্যারিয়ারের যাত্রাটা পর্তুগিজ যুবরাজের শুরু হয়েছিল এই স্পোর্তিংয়ের জার্সি গায়েই।
চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচ দিয়ে দলে ফেরার কথা অধিনায়ক সের্হিয়ো রামোস ও করিম বেনজিমার। চোটের কারণে তারা অনেক দিন ধরেই আছেন মাঠের বাইরে। শনিবারের মাদ্রিদ ডার্বিতে রামোস-বেনজিমা স্কোয়াডে থাকলেও বসে ছিলেন বেঞ্চে। তাদের ফেরাটা খুব দরকার ছিল রিয়ালের জন্য। স্পোর্তিংয়ের বিপক্ষে এই ম্যাচটা যে জেতা চাই তাদের। সবশেষ চ্যাম্পিয়নস লিগে ‘লস ব্লাঙ্কোস’ ওয়ারশ’র মাঠ থেকে ফিরেছিল ৩-৩ গোলে ড্র করে। তাই ‘এফ’ গ্রুপে তারা ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ড খেলবে সেই ওয়ারশ’র বিপক্ষেই।
ভালো জায়গায় নেই জুভেন্টাসও। ৮ পয়েন্ট নিয়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরাও ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সেভিয়ার বিপক্ষেই লড়াই তাদের। ম্যাচটা তাই জুভেন্টাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জিতলে উঠে যাবে শীর্ষে, কিন্তু হারলে পিছিয়ে যাবে আরও। রামন সানচেস পিজুয়ানের ম্যাচের আগে জুভেন্টাস প্রস্তুতিটা সেরে নিয়েছে পেসকারাকে ৩-০ গোলে হারিয়ে। সেভিয়ার প্রস্তুতিটাও মন্দ হয়নি। দেপোর্তিভো লা করুনার মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতে ফিরেছে তারা ৩-২ ব্যবধানে। গোল ডটকম
- স্পোর্তিং-রিয়াল মাদ্রিদের ম্যাচটি মঙ্গলবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে টেন ওয়ান এইচডি চ্যানেলে।
- সেভিয়া-জুভেন্টাস ম্যাচটি মঙ্গলবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে টেন ওয়ান চ্যানেলে।
- মোনাকো-টটেনহাম ম্যাচটি মঙ্গলবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে টেন টু চ্যানেলে।
/কেআর/








