লিওনেল মেসিকে ছাড়া ফুটবল অনেকের কাছে কল্পনাতীত। কিন্তু নির্মম হলেও সত্যি যে, সময়ের পরিক্রমায় একসময় জায়গা ছেড়ে দিতে হবে ২৯ বছর বয়সী আর্জেন্টাইনকে। তার শূন্যস্থান তখন পূরণ করবে কে? কার মধ্যে খুঁজে পাওয়া যাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে। মেসির জাতীয় দলের সতীর্থ গনসালো হিগুয়েইন সমাধান দেখতে পাচ্ছেন। পাউলো দিবালার মধ্যে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর ছায়া দেখতে পাচ্ছেন জুভেন্টাসের স্ট্রাইকার।
হিগুয়েইনের বিশ্বাস বার্সেলোনা ফরোয়ার্ডের সঙ্গে অনেক মিল রয়েছে দিবালার। বিশ্বের অন্যতম সেরা হওয়ার সম্ভাবনা ক্লাব সতীর্থের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি।
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর দ্রুত বিশ্বের নজর কেড়েছেন দিবালা। প্রথম মৌসুমেই জুভকে সিরি এ, কোপা ইতালিয়া ও সুপার কাপ জেতাতে সহায়তা করেছেন। এই মৌসুমেও উজ্জ্বল ২৩ বছর বয়সী। লিগ পয়েন্ট টেবিলে চার পয়েন্টের ব্যবধানে জুভেন্টাসকে শীর্ষে রাখতে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন দিবালা। আর তার পারফরম্যান্স প্রশংসিত হলো হিগুয়েইনের কাছে। তার বিশ্বাস, আর্জেন্টিনা অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করবেন দিবালা।
ক্লাবের তরুণ স্ট্রাইকারকে নিয়ে হিগুয়েইন বলেছেন, ‘দিবালা ও মেসি অনেকটাই একে অন্যের মতো। মেসি সেরা এবং সেটা প্রতিদিন প্রমাণ করে। আর দিবালা এখনও তরুণ, বয়স কেবল ২৩ বছর। ভবিষ্যতে কী হবে সেটার উপর সব নির্ভর করছে। কিন্তু অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সব বৈশিষ্ঠ্য আছে তার মধ্যে।’
সম্ভাবনাময়ী পারফরম্যান্স ধরে রাখতে দিবালাকে কিছু পরামর্শ দিলেন জুভেন্টাসের তারকা, ‘তোমাকে মানসিকভাবে অনেক শক্তিশালী থাকতে হবে। দ্রুত অনেক ভালো পর্যায়ে উঠে গেলেও সেখানে অনেক বছর ধরে থাকা সহজ নয়। অনেক উত্থান পতন আসবে জীবনে এবং তোমাকে সবসময় ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে। কোনও সমালোচনা ও প্রশংসায় কান দেওয়া যাবে না।’ এখন হিগুয়েইনের প্রশংসায় কান না দিয়ে পরামর্শ মেনে নিজের কাজটা ঠিকঠাক করলেই হয়! সূত্র- গোলডটকম
/এফএইচএম/








