কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের আয়েশি জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় তারা টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকল।
প্রথমার্ধে হামেস রদ্রিগেসের জোড়া গোল ও রাফায়েল ভারানের চমৎকার হেডে শেষ আটে এক পা দিয়ে রাখল রিয়াল। আগামী ১২ জানুয়ারি সেভিয়ার মাঠে দ্বিতীয় লেগ খেলবে জিনেদিন জিদানের শিষ্যরা।
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই রিয়াল এদিন মাঠে নামে। বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল করিম বেনজিমাকে। আর গ্যারেথ বেল তো অনেক আগে থেকেই চোটের কারণে ছিটকে গেছেন। অর্থাৎ বিবিসির কেউই এদিন মাঠে নামেননি। তবে তাদের অভাব টের পাওয়া যায়নি। আলভারো মোরাতা, মার্কো আসেনসিও ও হামেসকে নিয়ে সাজানো আক্রমণভাগ শুরু থেকে সেভিয়াকে তটস্থ করে রাখে।
লুকা মোডরিচের তৈরি করে দেওয়া সুযোগ মোরাতা কাজে না লাগাতে পারলেও লক্ষ্য খুঁজে পেতে সময় লাগেনি রিয়ালের। স্টিভেন এন’জনজিকে সরিয়ে দিয়ে কাসেমিরো বল বাড়িয়ে দেন হামেসকে। কলম্বিয়ান স্ট্রাইকারের বাঁপায়ের শট জড়ায় জালে। ১১ মিনিটে ১-০ করে রিয়াল। টনি ক্রোসের কর্নার থেকে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারানে। বিরতির দুই মিনিট আগে সেভিয়ার বক্সে মোডরিচ ফাউলের শিকার হলে হামেসের মাটি কাঁমড়ানো স্পট কিক থেকে রিয়াল পায় তৃতীয় গোল।
তিন গোলে পিছিয়ে পড়ায় আত্মবিশ্বাসে চিঁড় ধরে সেভিয়ার। ম্যাচে আর ফিরে আসতে পারেনি তারা। রিয়ালও শেষ ৪৫ মিনিটে পায়নি কোনও গোল। সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/








