চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চটা একরকম তৈরি হয়ে গেছে জুভেন্টাসের। মোনাকোর মাঠ থেকে ২-০ গোলে জিতে ফেরায় ঘরের মাঠের ফিরতি লেগের আগে কার্ডিফের ফাইনালে দিয়ে রেখেছে এক পা। বুধবার রাতের দারুণ এই জয়ে দুটো গোলই করেছেন গনসালো হিগুয়েইন। আগের দিন আবার হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে ফাইনালের পথে নিয়ে গিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের খেলায় অনুপ্রাণিত হয়েই কি আর্জেন্টাইন স্ট্রাইকারের এমন পারফরম্যান্স? যদিও হিগুয়েইন কোনোভাবেই নিজেকে তুলনায় দাঁড় করাতে চাইলেন না রোনালদোর সঙ্গে।
‘না, কারও কথা চিন্তা করে নয়, আমি নিজের মতো করে চেষ্টা করেছি।’-রোনালদোর সঙ্গে তুলনার বিষয় টানতেই এমনটা বলেছেন হিগুয়েইন। একটা সময় রিয়ালের জার্সি গায়ে রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো সময়টাতে রয়েছে তার অনেক স্মৃতি। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারেও বলেছিলেন, রিয়াল মাদ্রিদ তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর জায়গা। সেই তাদের বিপক্ষেই তৈরি হয়ে যেতে পারে হিগুয়েইনের জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ।
ঘরের মাঠে রিয়াল জিতেছে ৩-০ গোলে, আর জুভেন্টাস প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছে ২-০ গোলের জয় নিয়ে। তাই কার্ডিফের মঞ্চে তাদের সাক্ষাতের সম্ভাবনাই বেশি। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার অনুভূতিটা ঠিক কেমন হবে, সেটা জানাতে গিয়ে হিগুয়েইন বললেন, ‘অবশ্যই বিশেষ এক মুহূর্ত হবে এটি, কারণ মাদ্রিদে আমি সাত বছর খেলেছি। যদিও সবার আগে ফাইনালে পৌঁছাতে হবে আমাদের।’ গোল ডটকম
/কেআর/








