বার্সেলোনা প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি বার্ষিক বেতনে লিওনেল মেসিকে নতুন চুক্তির প্রস্তাব করেছিল। কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মিডিয়ার এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে। বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যে মেসির সঙ্গে নতুন চুক্তির খবর বার্সা জানাতে পারবে দাবি করেছেন এ কর্মকর্তা।
২৯ বছর বয়সীর চুক্তি ঘিরে যেসব খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সেগুলো প্রত্যাখ্যান করেছেন মেস্ত্রে, ‘সত্যি হলো সব কিছু দেখতে ভালো লাগছে। সবকিছুর মধুর সমাপ্তি হবে। মাদ্রিদে তারা যদি বলে সমস্যা (গুঞ্জন নিয়ে) আছে, তাহলে আমি সেগুলোকে অস্বীকার করতে পেরে আনন্দিত।’
চুক্তির প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে দাবি করেছেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট, ‘লিও মেসির নতুন চুক্তি প্রক্রিয়াধীন। আমি বলতে পারি সেটা শেষ পর্যায়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে খবর দেওয়া যাবে। আমি সুনির্দিষ্ট করে তারিখ বলছি না, কিন্তু খুব বেশি দেরি আর নেই।’
গত মার্চে কোচ লুই এনরিকে ঘোষণা দেন, এ মৌসুম শেষে ন্যু ক্যাম্পকে বিদায় বলবেন তিনি। তার উত্তরসূরি নিয়েও অনেক কানাঘুষা চলছে। আর্নেস্তো ভালভের্দে ও রোনাল্ড কোম্যানের সঙ্গে এনরিকের সহকারী হুয়ান কার্লোস উনজুর নাম শোনা যাচ্ছে। অবশ্য তাদের মধ্যে কে এগিয়ে সেটা বলেননি মেস্ত্রে। কিন্তু কোচ চূড়ান্ত হয়ে গেছে জানান মেস্ত্রে, ‘আমরা এরই মধ্যে তার উত্তরসূরি বাছাই করেছি। কিন্তু লুই এনরিকের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের সিদ্ধান্ত এখন জানাচ্ছি না।’ সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/







