বিশ্বকাপে ওঠা নিয়ে যেখানে শঙ্কা, সেখানে লিওনেল মেসিকে আবার ফিরে পেয়ে খুশি ডিয়েগো ম্যারাডোনা। একই সঙ্গে বিস্ময় লুকিয়ে রাখতে পারলেন না আর্জেন্টিনার গ্রেট। আর্জেন্টিনার বর্তমান অধিনায়কের চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে পক্ষপাতদুষ্ট দেখছেন ম্যারাডোনা।
চিলির বিপক্ষে বাছাইপর্বে রেফারিকে গালমন্দ করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর ফিফার কাছে আপিল করলে তার নিষেধাজ্ঞা বাতিল করা হয়। মানে, এক ম্যাচই কেবল নিষিদ্ধ থাকতে হলো ২৯ বছর বয়সীকে।
ফিফার আপিল কমিটি মেসির শাস্তি তুলে নেওয়ায় এ অপরাধ ও অপরাধীকে প্রশ্রয় দেওয়া হয়েছে মনে করেন ম্যারাডোনা। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ দ্বিধাবোধ করবেন না বিশ্বাস তার। রেডিও লা রেডকে আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘এটা একেবারেই কাণ্ডজ্ঞাণহীন কাজ। আরও এক ম্যাচ নিষেধাজ্ঞা প্রাপ্য ছিল মেসির। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি কথাটা।’
মেসি কাউকে অপমান করার মতো খেলোয়াড় নন বলেছেন ম্যারাডোনা, ‘একই কারণে তারা নিষেধাজ্ঞা কমিয়ে আনে, তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়দের ক্ষেত্রে তারা সবসময় এটা করে। আর মেসি কাউকে অপমান করার মতো লোক নয়। আমি তার এক বছর কোচ ছিলাম। সে একজন ফুটবল খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি খেলনা ভল্লুকের (টেডি বিয়ার) মতো।’
তবে মেসিকে ফিরে পাওয়ার সুখবরে খুশি ম্যারাডোনা। আরেকবার বিশ্বজয়ের স্বপ্ন তার চোখেমুখে, ‘যারা মেসির নিষেধাজ্ঞা কমাতে সাহায্য করেছে তাদের সবাইকে অভিনন্দন জানানো দরকার। আমি এ সিদ্ধান্তে খুশি, মেসির জন্যও এটা সুখবর। কারণ আমি আর্জেন্টাইন। আমরা আবারও বিশ্বকাপের স্বপ্নে ফিরতে পারি।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/








