কনফেডারেশন্স কাপের ফাইনালে প্রথমবারের মতোই মুখোমুখি হয়েছিল জার্মানি ও চিলি। চিলিকে হারিয়েই প্রথমবারের মতো এই শিরোপা নিয়ে দেশে ফিরছে জার্মানি। ম্যাচটিতে একমাত্র গোলটি আসে চিলির তারকা মার্সেলো দিয়াজের ভুলে! যদিও এক্ষেত্রে কাউকে দোষ দিতে নারাজ তারই সতীর্থ মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ১-০ গোলে হারের পর এভাবেই সতীর্থের ঢাল হলেন তিনি, ‘ভুল এখানে হতেই পারে। তাই বলে এ নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নেই। আমি মনে করি, আমাদের এই দল একটি পরিবারের মতো। আমরা জিতলে, পুরো দলই জিতে যায়।’
প্রথমার্ধের ২১ মিনিটে রক্ষণের ভুলের বড় মাশুল দিতে হয় চিলিকে। মার্সেলো দিয়াজ বল বিপদমুক্ত করতে গিয়ে বক্সের ভেতরে ঠেলে দেন। খুব কাছ থেকে বল পায়ে পান টিমো ওয়ার্নার। আরবি লিপজিগ স্ট্রাইকার ক্লাউদিও ব্রাভোকে বোকা বানিয়ে বাঁ-প্রান্তে বল দেন, খালি জালে গোল করেন স্টিন্ডল।
তবে ফাইনালে এই হারের পরও প্রেরণার নুঁড়ি খুজে ফিরছেন ভিদাল। তার মতে, ‘আমার মনে হয় এই দল যেভাবে খেলেছে তাতে মাথা উঁচু করেই ফিরবে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের আসলে আফসোসের কিছু নেই। কারণ প্রথম দিন থেকেই লড়াই করে আসছি। আমরা এখন হাসি মুখে যাচ্ছি আরও একটি ফাইনালে পৌঁছাতে পেরে। আশা করছি আগামীতেও এই সাফল্য ক্ষুদা বজায় থাকবে।’
এই সাফল্যের পর আসন্ন বিশ্বকাপেও ফাইনালে উঠতে চান ভিদাল, ‘আমার মনে হয় এই প্রজন্মটা অসাধারণ। আশা করছি বাছাই পার করতে পারবো। এরপর বিশ্বকাপ খেলে ফাইনালেও পৌঁছাতে পারবো, যেমনটি আমরা এবার করে দেখিয়েছি।’
/এফআইআর/







