ম্যানচেস্টার সিটির গোল উৎসব চলছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের আগের ম্যাচে লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। শনিবার তারা গোলবন্যায় ভাসালো ওয়াটফোর্ডকে। সের্হিয়ো আগুয়েরোর হ্যাটট্রিকে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে সিটিজেনরা। এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার দল।
আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ফেনুর্দকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানসিটি। টানা তৃতীয় ম্যাচে বিশাল জয়ে মাঠ ছাড়লো সাবেক চ্যাম্পিয়নরা। আগের চারবারের দেখায় ওয়াটফোর্ডকে গুনে গুনে ছয় গোল দিয়েছিলেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকার অগ্নিঝরা পারফরম্যান্স থেকে এবারও ছাড় পায়নি তারা।
ভিকারেজ রোড স্টেডিয়ামে প্রথম গোল আসে ২৭ মিনিটে। আগুয়েরো খোলেন গোলমুখ। এরপর ৩১ ও ৮১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। ৩৭ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে ৩-০ তে বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে আগুয়েরোর সঙ্গে বাকি দুই গোল যোগ করেন নিকোলাস ওতামেন্দি ও রহিম স্টারলিং।
এক ম্যাচ কম খেলে ম্যানসিটির নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানইউ। নগরপ্রতিদ্বন্দ্বীকে স্পর্শ করার লক্ষ্যে ১০ পয়েন্ট নিয়ে তারা রবিবার খেলবে এভারটনের বিপক্ষে।
সব ধরনের প্রতিযোগিতায় টানা তৃতীয় ম্যাচ জয়ের মুখ দেখলো না লিভারপুল। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ম্যানসিটির কাছে উড়ে যাওয়া দলটি চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। শনিবার তারা প্রিমিয়ার লিগেও ড্র করেছে বার্নলির বিপক্ষে। ২৭ মিনিটে স্কট আরফিল্ডের গোলে এগিয়ে যায় অতিথিরা। তিন মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। আর কোনও দল গোলের মুখ দেখেনি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে লিভারপুল। সমান পয়েন্টে তাদের পেছনে ফেলে ছয় নম্বরে বার্নলি।







