প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই বাতাসে শোনা যাচ্ছিল গুঞ্জনটা। বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ খুব একটা দেরিও করলো না সিদ্ধান্ত নিতে। বাজে পারফরম্যান্সে কোচ কার্লো অ্যানচেলত্তিকে বরখাস্ত করেছে জার্মান চ্যাম্পিয়নরা। আপাতত বায়ার্নের কোচের চেয়ারটা সামলাবেন অস্থায়ী নিয়োগ পাওয়া অ্যানচেলত্তির সহকারী উলি সাগনোল।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে বায়ার্ন। শুধু যে ইউরোপিয়ান প্রতিযোগিতার এই ফলে অ্যানচেলত্তিকে ছেঁটে ফেলেছে বায়ার্ন, তা নয়। বুন্দেসলিগাতেও ব্যাভারিয়ানরা নেই সুবিধাজনক জায়গায়। বর্তমান চ্যাম্পিয়নরা চলতি লিগ মৌসুমে আছে তৃতীয় স্থানে। পিএসজি ম্যাচের পর বায়ার্ন সিদ্ধান্ত নিতে দেরি করেনি, প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করে তারা রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে।
বৃহস্পতিবার সকালেই বায়ার্ন কর্তৃপক্ষ খেলোয়াড়দের জানিয়ে দেয় খবরটি। পরে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ক্লাব। যে বিবৃতিতে ক্লাব চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমাদের দল প্রত্যাশা অনুযায়ী পারফরম করতে পারছে না। আর প্যারিসের ম্যাচের পর স্পষ্ট হয়ে যায় শিগগিরিই ব্যবস্থা নিতে হবে।’
সাগনোলকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে বায়ার্ন। তবে স্থায়ী কোচ নিয়োগে এগিয়ে আছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ থোমাস টাসেল। মার্কা








