আগামী মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা নিশ্চিত করেছে নবাগত দলটি।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার চ্যাম্পিয়নশিপ লিগে পুলিশ দলকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের ২৬ মিনিটি রোকনুজ্জামান কাঞ্চন করেন জয়সূচক গোলটি। ১৬ ম্যাচে নবম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ২৮ পয়েন্ট নিয়ে আরেক নবাগত নওফেল স্পোর্টিং রয়েছে দ্বিতীয় স্থানে।
দলকে প্রিমিয়ারে উঠিয়ে জয়ের নায়ক কাঞ্চন বলেছেন, ‘নিজের গোলে দল প্রিমিয়ারে উঠেছে, খুব ভালো লাগছে। শেষ দুই ম্যাচে আরও গোল করার চেষ্টা করব। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো আছেই।’







