আগামী ১৭ থেকে ২৪ ডিসেম্বর ঢাকায় বসবে প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের আসর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের সঙ্গে লড়াই হবে ভারত, নেপাল ও ভুটানের।
১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেপাল। ১৯ ডিসেম্বর ভুটান এবং ২১ ডিসেম্বর স্বাগতিক দল খেলবে ভারতের বিপক্ষে। লিগ ভিত্তিতে চারটি দল একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুটি দল ২৪ ডিসেম্বর লড়বে ফাইনালে।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল চারটি দলের অংশগ্রহণ প্রসঙ্গে বলেছেন, ‘শ্রীলঙ্কা কিছু সমস্যার কারণে নাম প্রত্যাহার করে নিয়েছে টুর্নামেন্ট থেকে। মালদ্বীপের বয়সভিত্তিক দল নেই। আর পাকিস্তানের ওপর ফিফার সাসপেনশন ঝুলছে। তাই চারটি দল অংশ নিচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে।’







