প্রিমিয়ার লিগে থামানোই যাচ্ছে না ম্যানচেস্টার সিটিকে। ওদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলছে প্যারিস সেন্ত জার্মেইয়ের দাপট। আর যদি ইউরোপিয়ান প্রতিযোগিতার কথায় আসা যায়, তাহলে সেখানে তো আরও অপ্রতিরোধ্য ইউরোর ঝনঝনানিতে গড়া দল দুটি। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি ও পিএসজিকেই তাই ‘ভয়’ লিওনেল মেসির। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির এবারের আসরে এই দল দুটিকেই ফেভারিট মানছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
মেসির সাবেক কোচ পেপ গার্দিওলার অধীনে ম্যানসিটি চলতি মৌসুমে বসে আছে প্রিমিয়ার লিগের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান ৮ পয়েন্টের। আর চ্যাম্পিয়নস লিগে পেয়েছে তারা শতভাগ জয়। মেসির সাবেক সতীর্থ নেইমারের পিএসজিও রয়েছে ফর্মের তুঙ্গে। ফরাসি লিগে শীর্ষস্থানে বসার সঙ্গে চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষদের ভাসাচ্ছে গোলবন্যায়।
দুর্দান্ত সময় কাটানো এই দুই দলকে ‘বিপজ্জনক’ মনে করছেন মেসি। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে বার্সেলোনা তারকা বলেছেন, ‘পিএসজির সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ম্যানসিটি। এখন পর্যন্ত দল দুটি নিজেদের ফেভারিট হিসেবে উপস্থাপন করেছে। যদিও প্রতিযোগিতাটি অনেক লম্বা ও কঠিন।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান এখন ১০। অনেকেই ইতিমধ্যে মাদ্রিদের ক্লাবটিকে শিরোপা দৌড় থেকে বাদ দিলেও মেসি তেমনটা মনে করেন না, ‘রিয়াল মাদ্রিদকে কখনই আমি বাইরে রাখি না (শিরোপা দৌড় থেকে)। যদিও সবাই তাদের কাছ থেকে যেমনটা প্রত্যাশা করে, সেই জায়গায় তার নেই। আমার কোনও সন্দেহ নেই যে, তারা শেষ পর্যন্ত নিজেদের সবকিছু দিয়ে লড়াই চালিয়ে যাবে।’
বায়ার্ন মিউনিখের শক্তি নিয়েও কথা বলেছেন মেসি। তবে সবকিছু শেষে ম্যানসিটি ও পিএসজিকেই এগিয়ে রাখলেন তিনি, ‘আরেকটি দল হলো বায়ার্ন। তারাও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তবে সত্যি হলো এখন সিটি ও পিএসজিই সেরা।’ গোল ডটকম








