সেভিয়ার বিপক্ষে তিন গোলে এগিয়ে গিয়েও ড্রর হতাশায় ডুবেছিল লিভারপুল। শনিবার আবারও এগিয়ে থেকে পয়েন্ট হারালো তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
অ্যানফিল্ডে প্রথমার্ধে কোনও দল পায়নি গোলের দেখা। বিরতির পর ৬৬ মিনিটে অ্যালেক্স ওক্সারলেইড চেম্বারলিনের সহায়তায় লিভারপুলকে এগিয়ে দেন চেলসির সাবেক ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। কিন্তু শেষ ১৫ মিনিটে অল রেডদের রক্ষণ খানিকটা অগোছালো হয়ে পড়ে। এ সুযোগে নির্ধারিত সময় শেষ হওয়া ৫ মিনিট আগে লিভারপুলের জয়ের স্বপ্ন ভেঙে দেয় চেলসি।
৮৫ মিনিটে ইডেন হ্যাজার্ডের স্কয়ার পাস থেকে উইলিয়ান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান। ইনজুরি সময়ে সালাহ লিভারপুলকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার বাঁকানো শট নিচু হয়ে ধরে ফেলেন চেলসি গোলরক্ষক থাইবত কোর্তোয়া।
এই ড্রয়ে টটেনহামকে টপকে চারে ওঠার সুযোগ হারালো লিভারপুল। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচেই তারা। আর চেলসি ২৬ পয়েন্ট নিয়ে আগের মতো তিনে।








