‘সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত যুব সমাজ গঠনে মেতে উঠুন ফুটবল উৎসবে’ এই শ্লোগানে নীলফামারীতে শুরু হওয়া তৃতীয় খোকন দা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ইটাখোলা ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে গোড়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ২-০ গোলে হারায় ইটাখোলা ইউনিয়ন।
ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
গত ১ নভেম্বর নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। চূড়ান্ত খেলা হয় নবনির্মিত নীলফামারী জেলা শেখ কামাল স্টেডিয়ামে।
নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রেডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডের সহযোগিতায় তৃতীয় খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপে উপজেলার ১৫টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেয়। এ খেলায় স্টেডিয়ামের গ্যালারি (প্রায় ৪০ হাজার দর্শক ) কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।








