স্টেট ক্রেমলিন প্যালেসের কনসার্ট হলের ভেতরের সব আলো শুক্রবার সন্ধ্যায় যখন নিভে যাবে, তখন সেই অন্ধকার সঙ্কেত দেবে নতুন এক শুরুর। যার জন্য গত এক বছর ধরে পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় এই কনসার্ট হল হয়ে উঠবে এরপর আলো ঝলমলে, যেখানে ঘোষণা করা হবে বিশ্বকাপ ড্র। আগামী বছরের জুনের এই মহাযজ্ঞে কে কার মুখোমুখি হবে সেটা জানা যাবে এক ঘণ্টার এই অনুষ্ঠানে। তাছাড়া বিশ্বকাপ সূচিও প্রকাশ করা হবে সেখানে।
প্রায় ৭ বছর আগে রাশিয়া ২১তম বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা লাভ করেছিল। এবার তারা বিশ্বের সব ফুটবল ভক্তের নজর কাড়তে চায় এই আয়োজনের মাধ্যমে, যার শুরুটা হতে যাচ্ছে বিশ্বকাপ ড্র দিয়ে।
এই জমকালো আয়োজনের বড় চমক- ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্যারি লিনেকার ইভেন্টটির উপস্থাপক। তাকে সহায়তা করবেন রাশিয়ান ফুটবল সাংবাদিক মারিয়া কোমান্দনায়া। তাদের দুজনের সঙ্গে মঞ্চে থাকবেন ফুটবলের মহারথীরা। ড্রতে সহযোগিতা করতে আসবেন লঁরা ব্লাঁ, গর্ডন ব্যাংকস, কাফু, ফ্যাবিও ক্যানাভারো, ডিয়েগো ম্যারাডোনা, কার্লোস পুয়োল, দিয়েগো ফোরলান ও সাবেক সোভিয়েত ফুটবল দলের ৯১ বছর বয়সী নিকিতা সিমোনিয়ান। প্রত্যেকটা গ্রুপে দল সাজাবেন এই ৮ জন। চারটি পাত্র থেকে দল নিয়ে সাজানো হবে গ্রুপ।
ড্রয়ের প্রক্রিয়া শেষ হতে আধঘণ্টা সময় লাগবে, ৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ওই হলে যার প্রত্যক্ষদর্শী হবেন বিশ্বকাপ খেলতে যাওয়া ৩২ দেশের ৩০ কোচ এবং এক হাজার সংবাদকর্মী।
বিশ্বকাপ ড্র সরাসরি সম্প্রচার করবে
সনি টেন ১ ও টেন ২
ড্রর সময়
বাংলাদেশ সময় রাত ৯টা
যেখানে
মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসের কনসার্ট হল
যারা শীর্ষ বাছাই
আয়োজক রাশিয়ার সঙ্গে জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স।
যে পাত্রে যারা
গত অক্টোবরের র্যাংকিং অনুযায়ী চার পাত্রে জায়গা হয়েছে ৩২ দলের। তবে আয়োজক হওয়ায় ৬৫তম র্যাংকিংধারী হয়েও পাত্র ১ এ রাশিয়া। অন্যদিকে র্যাংকিংয়ের ৮ নম্বরে থেকেও পাত্র ২ এ যেতে হয়েছে স্পেনকে। অর্থাৎ রাশিয়ার সঙ্গে পাত্র ১ এ শীর্ষ ৭ দেশ- জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। ২ নম্বর পাত্রে স্থান হয়েছে র্যাংকিংয়ের অধঃক্রম অনুযায়ী পরের সেরা ৮ দল। একইভাবে ৩ ও ৪ নম্বর পাত্রে জায়গা হয়েছে বাকি ১৬ দলের।
ড্র হবে যেভাবে
চারটি পাত্র থেকে প্রতিবার একটি করে দল নিয়ে নির্ধারণ করা হবে ‘এ’ থেকে ‘এইচ’ গ্রুপ। সবার আগে ১ নম্বর পাত্র থেকে বাছাই করা হবে প্রতি গ্রুপের শীর্ষ দল। স্বাগতিক রাশিয়া ‘এ’ গ্রুপের শীর্ষ দল। বাকি ৭টি গ্রুপ অর্থাৎ ‘বি’ থেকে ‘এইচ’ এর শীর্ষ দল নির্ধারণ করা হবে পাত্র ১ থেকে দৈবচয়ন পদ্ধতিতে। ১ নম্বর পাত্র খালি হওয়ার পর বাকি তিন পাত্র থেকে নির্ধারিত হবে প্রত্যেক গ্রুপের বাকি তিন দল।
প্রতিটি পাত্র থেকে একটি করে দল নিয়ে হবে চার দলের ৮ গ্রুপ। তবে ইউরোপ ছাড়া বাকি মহাদেশের একাধিক দল থাকবে না একই গ্রুপে। অর্থাৎ আর্জেন্টিনা যে গ্রুপে, সেখানে কলম্বিয়া বা উরুগুয়ে থাকবে না। সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকবে এক গ্রুপে।







