ডিয়েগো ম্যারাডোনার কঠিন সমালোচনার মুখে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপ বাছাইয়ে কঠিন সংগ্রাম করা আলবিসেলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলিকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছিলেন তিনি। এমনকি আবার আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছার কথা শুনিয়েছেন এই ‘ফুটবল ঈশ্বর’। আলবিসেলেস্তেদের কোচ সাম্পাওলি অবশ্য ম্যারাডোনার সমালোচনা গায়ে মাখছেন না। বিশ্বকাপ বাছাইয়ে কঠিন সময় পার করলেও মূল পর্বে শক্তিশালী আর্জেন্টিনাকেই দেখতে পাচ্ছেন এই কোচ।
মস্কোর বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যারাডোনা। ড্র শেষ হওয়ার পর আর্জেন্টিনার গ্রুপ নিয়ে তার কাছে জানতে চেয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালক গ্যারি লিনেকার। ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়ার মতো দলের বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার পারফরম্যান্সের ‘অবশ্যই উন্নতি করতে হবে’ বলে মন্তব্য তার। দলের চেয়ে কোচের দিকেই আঙুল বেশি ম্যারাডোনার।
যদিও বিশ্বকাপ জয়ী এই তারকার ওপর ক্ষোভ নেই আর্জেন্টিনা কোচের। উন্নতির যে দরকার আছে, সেটা সাম্পাওলিও জানেন, ‘এটা (ম্যারাডোনার সমালোচনা) নিয়ে আমি মাথা ঘামাই না। আমরাও এটাই (উন্নতি করা দরকার) মনে করি। আশা করছি সময় গড়ানোর সঙ্গে আমাদের উন্নতির সুযোগটাও তৈরি হতে থাকবে।’
বাছাই পর্বে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার। একেবারে শেষ ম্যাচে গিয়ে তারা নিশ্চিত করে রাশিয়ার মূল পর্ব। তবে ওই জায়গা থেকে এখন আর্জেন্টিনা অনেকটাই উন্নতি করেছে বলে মনে করেন সাম্পাওলি। শুধু তা-ই নয়, বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনাকেও দেখছেন তিনি, ‘আমার মনে হয় আমরা বেড়ে উঠছি (দল হিসেবে)। বিশ্বকাপে শক্তিশালী এক দল হয়ে যাবে আর্জেন্টিনা। আশা করি আমরা আমাদের গ্রুপ পর্ব পেরিয়ে যাব এবং দেখাতে পারব কেন আমরা আলাদা।’
পা মাটিতেই রাখছেন সাম্পাওলি। গ্রুপের প্রত্যেক দলকে সমীহও করছেন তিনি। একই সঙ্গে লিওনেল মেসির কথা উল্লেখ করে নকআউট পর্বে চোখ তার, ‘ইতিমধ্যেই আমরা জেনে গেছি আমাদের কোথায়, কোন দিন, কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে, এবং তাদের খেলার ধরনটা কেমন। আমরা জানি আমাদের দলে আছে বিশ্বসেরা খেলোয়াড়, যাতে আমাদের সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।’ গোল ডটকম








