গত মৌসুমে লিগ টু জিতে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় এই মৌসুমে জায়গা পেয়েছে স্ত্রাসবোর্গ। সেই দলটিকে নিয়ে ছেলেখেলা করে প্যারিস সেন্ত জার্মেইর জয়ের প্রত্যাশা বাড়াবাড়ি নয়। কিন্তু বিস্ময়কর খবর- ২০১৬ সালেও তৃতীয় বিভাগ খেলা দলটি হারিয়ে দিয়েছে নেইমার-এমবাপের পিএসজিকে। লিগ ওয়ানের এই মৌসুমে প্যারিসের ক্লাবটির প্রথম হারের ব্যবধান ২-১ গোলের।
শনিবার ‘অজেয়’ তকমা পিএসজি হারালো অখ্যাত স্ত্রাসবোর্গের কাছে, যারা ছয় বছর আগে দেউলিয়া হয়ে যেতে বসেছিল। লা মেইনাউ স্টেডিয়ামে উনাই এমেরি একাদশে রাখেননি এদিনসন কাভানিকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ বলে বেঞ্চে থাকতে হয়েছে মার্কো ভেরাত্তি ও থিয়াগো সিলভাকে।
নেইমার ও এমবাপের শক্তিশালী আক্রমণভাগ থাকলেও পিএসজি খুব বেশি পাত্তা পায়নি প্রতিপক্ষের মাঠে।
১৩ মিনিটে গোলপোস্টের সামনে থেকে চমৎকার হেডে স্ত্রাসবোর্গকে এগিয়ে দেন নুনো দা কস্তা। এমবাপের ৪২ মিনিটের গোলে স্বস্তিতে থেকে বিরতিতে যায় পিএসজি। হাভিয়ের পাস্তোরের শট পোস্টে লাগায় তারা দ্বিতীয় গোল পায়নি। বরং ৬৫ মিনিটে স্ত্রাসবোর্গ এগিয়ে যায় স্টিফানো বাহোকেনের গোলে।
গত ৩০ এপ্রিল নিসের কাছে ৩-১ গোলে হারার পর টানা ২৫ ম্যাচ সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত ছিল পিএসজি। তাদের বিপক্ষে বিখ্যাত জয়ে ১৪ নম্বরে উঠে এলো স্ত্রাসবোর্গ।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি, নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই এখনও ১০ পয়েন্ট পেছনে। কিন্তু রবিবার মঁপেইর বিপক্ষে মার্শেই জিতলে ব্যবধান ৭ পয়েন্টে কমে আসবে।








