গতবার চ্যাম্পিয়ন হলেও এবার লিগের শুরুটা ভালো হয়নি ঢাকা আবাহনীর। তবে শুরুর ব্যর্থতা ঝেরে ফেলে ইদানীং দারুণ পারফরম্যান্স জনপ্রিয় দলটির। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয়ের পথে আবাহনী ২-১ গোলে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
লিগের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাকে সহজে ২-০ গোলে হারালেও ফিরতি পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল আবাহনী। তবে পিছিয়ে পড়লেও দুই নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন আর সানডে চিজোবার গোলে রক্ষা পেয়েছে তারা।
১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আবাহনী আপাতত লিগের শীর্ষে। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ৪৩। দশম স্থানে থাকা মুক্তিযোদ্ধার ১৯ ম্যাচে সংগ্রহ ১৪ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১০ মিনিটে ফরোয়ার্ড সানডের দুর্বল হেড মুক্তিযোদ্ধার গোলরক্ষক আজাদ হোসেনের গ্লাভসে জমা পড়ে হতাশ করে আবাহনীকে। ৬ মিনিট পর এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বক্সের একটু বাইরে থেকে তৌহিদুলের ফ্রি কিক আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম ফিস্ট করলেও বল ক্রসবারের ভেতরে লেগে জড়িয়ে যায় জালে। ২২ মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রি কিক থেকে ফরোয়ার্ড সানডের হেড ক্রসবারে বাধা পেয়ে হতাশা বাড়িয়ে দেয় চ্যাম্পিয়নদের।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া আবাহনী দ্বিতীয়ার্ধের শুরু থেকে ছিল আক্রমণাত্মক। কিন্তু গোল পাচ্ছিল না কিছুতেই। ৫৮ মিনিটে বক্সের ভেতর থেকে সানডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধার আমিরুল ইসলাম। সাত মিনিট পর ইমন মাহমুদ বাবুর জোরালো শট চলে যায় গোলরক্ষক আজাদের গ্লাভসে।
তবে ৬৭ মিনিটে হতাশ হতে হয়নি আবাহনীকে। ডান দিক থেকে উড়ে আসা ইমনের কর্নারে বলের ফ্লাইট বুঝতে পারেননি মুক্তিযোদ্ধার গোলরক্ষক। সুযোগটা কাজে লাগিয়ে হেড করে সমতা ফেরান এমেকা।
শেষ মুহূর্তে জয়সূচক গোলও পেয়ে যায় আবাহনী। ৮৯ মিনিটে বক্সের মধ্যে ঘানার ডিফেন্ডার আব্বাস ইনুসাহর হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় পেশাদার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সানডের সফল পেনাল্টি আবাহনীকে এনে দেয় তিনটি মূল্যবান পয়েন্ট।







