লিগের মাঝপথে চলে গেছেন ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ। দীর্ঘদিনের কাণ্ডারি অমলেশ সেনও আর নেই, গত অক্টোবরে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তবু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে দুর্বার গতিতে এগোচ্ছে ঢাকা আবাহনী।
রবিবার পেশাদার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। টানা অষ্টম জয়ের সুবাদে শীর্ষস্থানও ধরে রেখেছে আবাহনী। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। পরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই শিরোপা ধরে রাখবে জনপ্রিয় দলটি। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ব্রাদার্স রেলিগেশন এড়াতে লড়ছে।
বছরের শেষ দিনে আবাহনীকে জয় এনে দিয়েছে ডিফেন্ডার নাসিরউদ্দীন চৌধুরী ও ফরোয়ার্ড রুবেল মিয়ার গোল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু রুবেলের সঙ্গে ওয়ান-টু খেলে ব্রাদার্সের গোলমুখ খুললেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন নাবীব নেওয়াজ জীবন। ২১ মিনিটে ব্রাদার্সও সুযোগ পেয়েছিল। আবাহনীর ডিফেন্ডার ওয়ালী ফয়সালের ভুলে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষক শহীদুল আলমের পাশ দিয়ে ক্রস করেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে জোসেফ নুরের হেড গোললাইনের সামনে থেকে হেড করেই ফিরিয়ে দেন আবাহনীর আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা।
৩২ মিনিটে এগিয়ে যায় আবাহনী। সেটপিস থেকে গোল করার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নাসিরউদ্দীন। বাঁ দিক থেকে উড়ে আসা ইমন মাহমুদের কর্নারে আলতো টোকায় লক্ষ্যভেদ করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
৬০ মিনিটে রুবেলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি ছিল দৃষ্টিনন্দন। নিজেদের বক্সের একটু সামনে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম। ব্রাদার্সের মোহাম্মদ বিপ্লব হেড করার পর বল পেয়ে যান রুবেল। প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে নিখুঁত চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।








