প্রথম দল হিসেবে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বিজয়ীদের দুই গোলদাতা নুরুল আবসার ও জাহেদ পারভেজ চৌধুরী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বলার মতো আক্রমণ ছিল দুটো। ৩৮ মিনিটে জাহেদ পারভেজের শট চলে যায় ব্রাদার্সের পোস্টের একটু বাইরে দিয়ে। আর বিরতির ঠিক আগে ব্রাদার্সের মিডফিল্ডার মিথুন ভূঁইয়ার শট ফিরিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে শেখ জামাল, আর তার সুফল পেয়ে যায় ৫৫ মিনিটে। দিদারুল ইসলামের ক্রস থেকে নুরুল আবসারের শট ফিস্ট করে ফিরিয়ে দেন ব্রাদার্সের গোলরক্ষক সুজন চৌধুরী। তবে নুরুলের ফিরতি শট জড়িয়ে যায় জালে।
৭৩ মিনিটে সমতা ফেরানোর সম্ভাবনা জাগিয়েছিল ব্রাদার্স। কিন্তু ফরোয়ার্ড আরিফুল ইসলাম শান্তর জোরালো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ডিফেন্ডার আনিসুর আলম সুইটের মাইনাস থেকে মিডফিল্ডার জাহেদ পারভেজের প্লেসিং শট জালে জড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে প্রিমিয়ার লিগ রানার্সআপদের।








