এএফসি কাপের প্রি-প্লেঅফ খেলার জন্য সাইফ স্পোর্টিং ক্লাব এখন মালদ্বীপের রাজধানী মালেতে। আগামী ৩০ জানুয়ারি হবে ফিরতি পর্বের ম্যাচটি, প্রতিপক্ষ স্বাগতিক ক্লাব টিসি স্পোর্টস। এ ম্যাচের আগে রবিবার বিকেলে প্রথমবার মালেতে অনুশীলন করেছে মতিন মিয়ার দল।
ঢাকায় টিসি স্পোর্টিংয়ের কাছে ১-০ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং। ফিরতি পর্বের ম্যাচের জন্য একাধিক খেলোয়াড় অদল-বদল হয়েছে। উইঙ্গার জাহিদ হোসেনের জায়গায় তরুণ মতিন মিয়া সুযোগ পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজও আছেন।
সাইফের উপদেষ্টা ও কোচ মারুফুল হক সামনের ম্যাচ নিয়ে বাংলা ট্রিবিউনকে আশার কথা শুনিয়েছেন, ‘কিছু ভুল-ত্রুটির কারণে আমরা ঢাকার ম্যাচে জিততে পারিনি। আশা করছি মালেতে সেটা কাটিয়ে উঠতে পারবো। আমাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। সেভাবেই দলকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’
সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী অবশ্য কিছুটা ক্ষুব্ধ। মালদ্বীপে দলের সঙ্গে থাকা এ কর্মকর্তা ফোনে রবিবার বলেছেন, ‘আমরা যেভাবে ওদের সুবিধা দিয়েছি, সেই অনুযায়ী তারা আমাদের ফল দিতে পারছে না। সবকিছুতেই কেন জানি সীমাবদ্ধতা। আসলে ওদের (টিসি স্পোর্টিং) ক্লাবের বাজেট শুনে অবাক হয়েছি- এক কোটি ৬০ লাখ টাকা। আর আমাদের ১২ কোটি!’








